হরাইজন ওয়ার্ল্ডস প্ল্যাটফর্মে ‘চ্যাট’ সুবিধা আনছে মেটা
আত্মপ্রকাশের দেড় বছরের মাথায় ভিআর (ভার্চ্যুয়াল রিয়েলিটি) প্রযুক্তির হরাইজন ওয়ার্ল্ডস প্ল্যাটফর্মে পরিচিত-অপরিচিতদের মধ্যে একে অপরকে বার্তা পাঠানোর সুবিধা যুক্ত করেছে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা। নতুন এ সুবিধা দিতে হরাইজন ওয়ার্ল্ডসে যুক্ত করা হয়েছে ‘ওয়ার্ল্ড চ্যাট’।
ফলে এখন থেকে হরাইজন ওয়ার্ল্ডস প্রবেশ করা যেকোনো ব্যক্তির প্রোফাইলে ক্লিক করে বার্তা-আদান–প্রদানের জন্য আহ্বান জানানো যাবে। আমন্ত্রিত ব্যক্তি রাজি হলে যেকোনো সময় একে অপরকে টেক্সট বার্তা পাঠাতে পারবেন।
এক ব্লগ বার্তায় মেটা জানিয়েছে, প্রাথমিকভাবে নির্দিষ্ট সংখ্যক ব্যবহারকারীদের জন্য ‘ওয়ার্ল্ড চ্যাট’ সুবিধা উন্মুক্ত করা হয়েছে। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই এ সুবিধা সব ব্যবহারকারী পরখ করতে পারবেন।
২০২১ সালের ডিসেম্বরে চালু হওয়া মেটার ভার্চুয়াল রিয়েলিটির সামাজিক যোগাযোগ প্লাটফর্ম হরাইজন ওয়ার্ল্ডস বর্তমানে যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য, আয়ারল্যান্ড, আইসল্যান্ড, ফ্রান্স ও স্পেনে ব্যবহার করা যায়।







